BAPA Logo
BEN Logo
BAAG Logo

কৃষি, নিরাপদ খাদ্য, ও পরিবেশ বিষয়ক বিশেষ সম্মেলন

তারিখ: ৮–৯ জানুয়ারি ২০২৭ (শুক্রবার–শনিবার)
স্থান: কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি), খামারবাড়ি, ঢাকা

সাম্প্রতিক দশকগুলোতে বাংলাদেশ কৃষি উৎপাদন বৃদ্ধিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, যার ফলে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটানো সম্ভব হয়েছে। তবে, এই সাফল্যের পাশাপাশি পরিবেশের উপর অনেক নেতিবাচক প্রভাব পড়েছে এবং তার ফলে বাংলাদেশের কৃষির স্থায়িত্বশীলতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

একই সাথে খাদ্য দূষণের সমস্যা দেখা দিয়েছে। উৎপাদন থেকে শুরু করে খাদ্য সংরক্ষণ, পরিবহন, বিপণন এবং ভোগ—প্রতিটি পর্যায়েই এই সমস্যা পরিলক্ষিত হচ্ছে। কৃষি, নিরাপদ খাদ্য এবং পরিবেশের মধ্যকার এই ঘনিষ্ঠ সম্পর্কের গুরুত্বের কারণে বাপা এবং বেন এ বিষয়টিকে তাদের ২০২৭ সালের বার্ষিক সম্মেলনে উপজীব্য হিসেবে গ্রহণ করেছে এবং দেশের বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও পেশাজীবীদের নিয়ে গঠিত জাতীয় একাডেমি “বাংলাদেশ একাডেমি অফ এগ্রিকালচার (বাগ)”-এর সাথে যৌথভাবে এই সম্মেলন আয়োজিত হচ্ছে।

সাম্প্রতিক দশকগুলোতে বাংলাদেশের কৃষি ও খাদ্য ব্যবস্থায় এমন অনেক পরিবর্তন ঘটেছে যা পরিবেশ ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তার উপর গভীর প্রভাব ফেলেছে। এ ধরনের কিছু পরিবর্তন নিম্নরূপ:

১. শস্য চক্র ও বিন্যাসে পরিবর্তন

বাংলাদেশের ঋতুচক্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ঐতিহ্যবাহী ‘আউশ (খরিফ-১), আমন (খরিফ-২) ও রবি’ শস্য-চক্রের পরিবর্তে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল ‘বোরো’ ধান চাষের প্রবণতা বেড়েছে। এর ফলে বাংলাদেশের কৃষি বহুলাংশে একক-ফসল (মনোকালচার)-ভিত্তিক হয়ে উঠেছে। এতে ধান উৎপাদন বাড়লেও অনেক এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে। পাশাপাশি ডাল, তৈলবীজ ও অন্যান্য রবি ফসলের আবাদ কমে গেছে। লক্ষণীয়, শেষোক্ত ফসলসমূহ সুলভ প্রোটিনের উৎস ছিল, মাটির অম্লতা নিয়ন্ত্রণে সহায়তা করতো, এবং মাটির উর্বরতা বজায় রাখতো।

২. কৃষিতে রাসায়নিক উপাদানের ব্যবহার বৃদ্ধি

রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বহুগুণ বৃদ্ধি পেয়েছে, যার ফলে মাটি ও উৎপাদিত খাদ্যে ক্ষতিকর অবশিষ্টাংশ (রেসিডিউ) থেকে যাচ্ছে। বৃষ্টির পানি দ্বারা ধৌত হয়ে এসব রাসায়নিক উপাদান আশেপাশের উন্মুক্ত বিভিন্ন ধরনের জলাধারে পৌঁছে প্রত্যক্ষভাবে মাছের ক্ষতি করছে; আবার জলাশয়ে অতিরিক্ত পুষ্টি উপাদানের আধিক্য (ইউট্রোফিকেশন)-এর মাধ্যমে পরোক্ষভাবেও মৎস্য-সম্পদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। কৃষিতে রাসায়নিক উপাদানের এই ব্যাপক ব্যবহারের ক্ষতিকর প্রভাব ভূগর্ভস্থ পানির উপরও গিয়ে পড়ছে। এছাড়া, এসব রাসায়নিক উপাদান প্রায়শ কৃষি শ্রমিকদের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হচ্ছে।

৩. শিল্পভিত্তিক ও বদ্ধ পদ্ধতিতে গবাদি পশু, হাঁস-মুরগি ও মৎস্য চাষের প্রসার

শিল্পভিত্তিক ও বদ্ধ পদ্ধতিতে হাঁস-মুরগি, মাছ এবং গবাদি পশু পালনের প্রসার প্রাণিজ প্রোটিনের সরবরাহ বাড়িয়েছে। তবে একইসাথে এই উৎপাদন পদ্ধতিতে অ্যান্টিবায়োটিক ও অন্যান্য রাসায়নিকের অনিয়ন্ত্রিত ব্যবহার নিরাপদ খাদ্যের নিশ্চয়তার চ্যালেঞ্জকে আরও প্রকট করছে। এর ফলে “জীবাণুর ওষুধ প্রতিরোধী ক্ষমতা” (অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স) সৃষ্টির ঝুঁকি বাড়ছে। এছাড়া, এসব খামার থেকে উৎপন্ন বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করায় তা গ্রামীণ এলাকার মাটি, পানি ও বায়ু দূষণের নতুন উৎস হয়ে দাঁড়িয়েছে।

৪. যান্ত্রিকীকরণ ও মাটির স্বাস্থ্য

কৃষিতে যান্ত্রিকীকরণের প্রসার ঘটেছে, যা বাংলাদেশের জন্য প্রাক-শিল্প থেকে শিল্পভিত্তিক কৃষিতে উত্তরণের এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করেছে। যান্ত্রিক চাষাবাদ মাটিকে গভীরভাবে কর্ষণ, অল্পসময়ে চাষ সম্পন্ন করা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি সুগম করছে। শ্রমিকের ঘাটতি মোকাবেলার জন্যও তা সহায়ক হচ্ছে। অন্যদিকে, যান্ত্রিক চাষ মাটির কাঠামোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং মাটিতে থাকা জৈব-পদার্থ ও অণু-পুষ্টি উপাদানের পরিমাণ কমিয়ে দিচ্ছে, যা মাটির উপর কৃষিতে রাসায়নিকের অত্যধিক ব্যবহারের ক্ষতিকর প্রভাব আরও বাড়িয়ে দিচ্ছে।

৫. জলবায়ু পরিবর্তন, উপকূল, হাওর ও কৃষি

কৃষি যেমন পরিবেশের উপর প্রভাব ফেলছে, তেমনি জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট পরিবেশগত পরিবর্তনসমূহও বাংলাদেশের কৃষিকে প্রভাবিত করছে। এই দ্বিমুখী পারস্পরিক প্রভাব উপকূলীয় অঞ্চলে সবচেয়ে প্রকট। সেখানে ভূমি নিমজ্জন, লবণাক্ত পানির অনুপ্রবেশ এবং দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা কৃষির জন্য বড় এবং বহুমুখী চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। হাওর অঞ্চলেও নতুন চ্যালেঞ্জের উদ্ভব ঘটেছে। সেখানে অকাল বৃষ্টি ও বন্যা প্রায়শই বোরো ধান বিনষ্ট করছে, যদিও তা এই অঞ্চলের প্রধান এবং অনেক ক্ষেত্রে একমাত্র ফসল। বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন বাংলাদেশের অন্যান্য অঞ্চলের কৃষিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।

৬. নদী ও কৃষি

উজানের দেশসমূহ কর্তৃক বাংলাদেশের নদনদীর উপর বিভিন্ন হস্তক্ষেপ এবং দেশের ভেতরে নদনদীর প্রতি ভুল নীতির কারণে কৃষি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উজানে বাঁধ নির্মাণ ও পানি অপসারণের ফলে শুষ্ক মৌসুমে নদীর প্রবাহ কমে গেছে। এর ফলে সেচের পানির প্রাপ্যতা হ্রাস পেয়েছে, পলি জমার হার ও লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে এবং ভূগর্ভস্থ পানিস্তরের পুনর্ভরণের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। দেশের ভেতরে “বেষ্টনী-পন্থা”র অনুসরণে বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে প্লাবনভূমিগুলোকে নদী থেকে বিচ্ছিন্ন করার ফলে সেখানে নদীর পানি ও পলি আর পৌঁছায় না। ফলে প্রাকৃতিক উপায়ে ভূমির উর্বরতা বজায় থাকার প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে। অন্যদিকে, বেড়িবাঁধ এবং নদীর উপর স্লুইসগেট ও অন্যান্য প্রতিবন্ধকতা নির্মাণের ফলে নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের কৃষির ভবিষ্যতের জন্য অভিন্ন নদীসমূহের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং নদনদীর প্রতি “উন্মুক্ত-পন্থা” অনুসরণের প্রয়োজনীয়তা দিনদিন প্রকট হয়ে উঠছে।

৭. পাহাড়ি অঞ্চলের কৃষি ও পরিবেশ

সাম্প্রতিককালে কৃষির সম্প্রসারণের ফলে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ি অঞ্চলের পরিবেশ। বাগানভিত্তিক কৃষির প্রসার এবং খুন্তিভিত্তিক জুম চাষের পরিবর্তে লাঙ্গলভিত্তিক চাষের প্রবর্তনের ফলে পাহাড়ের ঢালগুলো গাছপালাহীন হয়ে পড়েছে এবং পাহাড়ের গা থেকে মাটিক্ষয় এবং ভূমিধ্বসের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে পার্শ্ববর্তী নদী ও খালগুলো ভরাট হয়ে যাচ্ছে; পানি-নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে; এবং বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

৮. কৃষি ও পুষ্টি

কৃষি উন্নয়নের প্রয়াসে উৎপাদিত খাদ্যের পুষ্টিগুণের চেয়ে ক্যালরি মূল্যের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে অনেক ফসল অবহেলার শিকার হয়েছে যেগুলো পুষ্টির জন্য গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী শস্য-চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো।

৯. খামার ও তার পরবর্তী পর্যায়ে নিরাপদ খাদ্যের নিশ্চয়তার অভাব

কৃষিতে রাসায়নিকের ব্যবহার বেড়ে যাওয়ায় খাদ্য স্বাস্থ্যের জন্য কম নিরাপদ হয়ে পড়েছে। এছাড়া, খাদ্য সংরক্ষণ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন পর্যায়েও খাদ্য দূষিত হচ্ছে। খাদ্য সংরক্ষণের জন্য ফরমালিন এবং ফল পাকানোর বিভিন্ন রাসায়নিকের অপব্যবহার, অননুমোদিত রঙের প্রয়োগ, খাদ্যে ভেজাল মেশানো এবং খাবার বিক্রয়কেন্দ্রগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন করা জনস্বাস্থ্যের বিপজ্জনক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

১০. কৃষিতে সংঘটিত প্রাতিষ্ঠানিক পরিবর্তন এবং কৃষির স্থায়িত্বশীলতা ও নিরাপদ খাদ্যের উপর তার প্রভাব

প্রযুক্তিগত পরিবর্তনের পাশাপাশি বাংলাদেশের কৃষিতে গভীর ও ব্যাপক প্রাতিষ্ঠানিক পরিবর্তন ঘটেছে। এর মধ্যে রয়েছে ক্ষুদ্রাকার এবং আত্মপোষণমুখী কৃষি ব্যবস্থার পরিবর্তে (রপ্তানিসহ) বাজারমুখী কৃষির গুরুত্বের বৃদ্ধি, এবং পারিবারিক শ্রমের চেয়ে বিভিন্ন উপায়ে ভাড়া করা শ্রমের উপর নির্ভরতা বৃদ্ধি। কৃষির স্থায়িত্বশীলতা এবং নিরাপদ খাদ্যের নিশ্চয়তার উপর এই প্রাতিষ্ঠানিক পরিবর্তনগুলো সুদূরপ্রসারী প্রভাব ফেলছে।

সামগ্রিক লক্ষ্য: এই সম্মেলনের মূল লক্ষ্য হলো পরিবেশ ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তার উপর কৃষিতে উপরিল্লিখিত পরিবর্তনগুলোর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করা এবং তার ভিত্তিতে স্থায়িত্বশীল কৃষি এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার উপায় সম্পর্কে নীতিগত সুপারিশ প্রণয়ন করা। সম্মেলন একটি সমন্বিত ও বহুশাস্ত্রীয় কাঠামোর মধ্যে এসব বিষয় নিয়ে আলোচনার সুযোগ করে দেবে, এবং তা কৃষি, পরিবেশ এবং নিরাপদ খাদ্যের মধ্যকার পরস্পর সম্পর্কিত চরিত্রের প্রেক্ষিতে বিশেষভাবে উপযোগী হবে। সম্মেলনের আলোচনা সংশ্লিষ্ট একাধিক বিষয়ের বিশেষজ্ঞদের জ্ঞান ও অভিজ্ঞতা দ্বারা সমৃদ্ধ হবে।

সুনির্দিষ্ট উদ্দেশ্যসমূহ

  • উপরে উল্লিখিত ইস্যুসমূহ এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ের উপর পরিচালিত গবেষণা উপস্থাপনা ও আলোচনার সুযোগ তৈরি করা;
  • মাঠপর্যায়ে যারা অনুপযোগী কৃষিপদ্ধতির ফলে সৃষ্ট পরিবেশগত ক্ষতির বিরুদ্ধে লড়াই এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য কাজ করছেন, তাদের অভিজ্ঞতা শোনা ও তা নিয়ে আলোচনা করা;
  • কৃষির স্থায়িত্বশীলতা এবং নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধানের লক্ষ্যে সরকারি ও আধা-সরকারি সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত উদ্যোগগুলো সম্পর্কে অবহিত হওয়া ও আলোচনা করা;
  • পরিবেশগতভাবে স্থায়িত্বশীল কৃষি ও নিরাপদ খাদ্যের জন্য তথ্য-প্রমাণভিত্তিক নীতিগত সুপারিশ প্রণয়ন করা।

সম্মেলনের জন্য প্রবন্ধ আহ্বান (প্রবন্ধের বিষয়সমূহ)

উপর্যুক্ত লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের নিমিত্তে সম্মেলনে পরিবেশনার জন্য নিম্নলিখিত বিষয়ে প্রবন্ধ আহ্বান করা হচ্ছে:

০১

শস্যচক্রে পরিবর্তন এবং পরিবেশ ও নিরাপদ খাদ্যের উপর তার প্রভাব;

০২

কৃষিতে রাসায়নিকের ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশ ও নিরাপদ খাদ্যের উপর তার প্রভাব;

০৩

শিল্পভিত্তিক ও বদ্ধ পদ্ধতিতে গবাদি পশু, হাঁস-মুরগি ও মৎস্য চাষের প্রসার এবং পরিবেশ ও নিরাপদ খাদ্যের উপর তার প্রভাব;

০৪

কৃষিতে যান্ত্রিকীকরণের প্রসার এবং পরিবেশ ও নিরাপদ খাদ্যের উপর তার প্রভাব;

০৫

বাংলাদেশে স্থায়িত্বশীল কৃষির প্রতি জলবায়ু পরিবর্তন, উজানে নদনদীর উপর বিভিন্ন হস্তক্ষেপ, এবং নদনদীর প্রতি অভ্যন্তরীণ ভ্রান্ত নীতি সৃষ্ট বিভিন্ন চ্যালেঞ্জ;

০৬

পাহাড়ি এলাকায় কৃষির সম্প্রসারণের ফলে সেখানে সৃষ্ট পরিবেশগত সংকট;

০৭

খামার ও তৎপরবর্তী বিভিন্ন পর্যায়ে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধানের চ্যালেঞ্জ;

০৮

পুষ্টিগুণে ভারসাম্যপূর্ণ খাদ্য উৎপাদনের গুরুত্ব;

০৯

প্রাতিষ্ঠানিক পরিবর্তন এবং স্থায়িত্বশীল কৃষি ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তার উপর এর প্রভাব;

১০

কৃষির স্থায়িত্বশীলতা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে কৃষি ও খাদ্য বিষয়ক গবেষণা সংস্থাগুলোর ভূমিকা;

১১

কৃষির স্থায়িত্বশীলতা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারি-বেসরকারি সংস্থা, রাজনৈতিক দল ও গণমাধ্যমের ভূমিকা;

১২

কৃষির স্থায়িত্বশীলতা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে কৃষক, গ্রামীণ শ্রমিক, পরিবেশবাদী ও সংরক্ষণবাদীদের মাঠপর্যায়ের সংগঠনগুলোর ভূমিকা;

১৩

অন্যান্য প্রাসঙ্গিক বিষয়।

গবেষণাপত্র সংক্রান্ত সময়সূচি

তারিখ পদক্ষেপ
৩০ নভেম্বর ২০২৬ সর্বোচ্চ ৩৫০ শব্দের অ্যাবস্ট্রাক্ট জমা দেওয়ার শেষ তারিখ
০৫ ডিসেম্বর ২০২৬ অ্যাবস্ট্রাক্ট গৃহীত হওয়ার বিজ্ঞপ্তি এবং পূর্ণাঙ্গ গবেষণাপত্র জমা দেওয়ার আমন্ত্রণ
২০ ডিসেম্বর ২০২৬ পূর্ণাঙ্গ গবেষণাপত্র জমা দেওয়ার শেষ তারিখ
৩০ ডিসেম্বর ২০২৬ উপস্থাপনার ধরন (মৌখিক বা পোস্টার) এবং সেশন নির্ধারণ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত
৮–৯ জানুয়ারি ২০২৭ সম্মেলন: কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি), খামারবাড়ি, ঢাকা

অ্যাবস্ট্রাক্ট তৈরির নির্দেশাবলি: অ্যাবস্ট্রাক্টটি মাইক্রোসফট ওয়ার্ডে (Microsoft Word) ‘টাইমস রোমান’ (Times Roman) ১২-পয়েন্ট ফন্টে হতে হবে। এতে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে হবে: (১) গবেষণাপত্রের পূর্ণ শিরোনাম; (২) লেখকের/লেখকদের পূর্ণ নাম; (৩) লেখকের/লেখকদের প্রাতিষ্ঠানিক পরিচয়; (৪) লেখক একাধিক হলে যোগাযোগের দায়িত্বপ্রাপ্ত লেখকের (corresponding author) নাম; এবং (৫) সর্বোচ্চ তিনটি কী-ওয়ার্ড (keywords)। (পূর্ণাঙ্গ গবেষণাপ্রবন্ধ তৈরির নির্দেশাবলি পরবর্তীতে গৃহীত অ্যাবস্ট্রাক্টের লেখকদের কাছে পাঠানো হবে।)

অ্যাবস্ট্রাক্ট, পূর্ণাঙ্গ প্রবন্ধ পাঠানো এবং এ বিষয়ে যোগাযোগের ঠিকানা

বাংলাদেশের লেখকদের জন্য

ড. এম. শহীদুল ইসলাম

সাবেক চেয়ারম্যান, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

shahidul.geoenv@du.ac

ড. শাহরিনা আক্তার

গবেষণা সমন্বয়কারী/সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ অ্যান্ড সাসটেইনেবিলিটি (IDSS), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

shahrina.akhtar@gmail.com

বিদেশস্থ লেখকদের জন্য

ড. মো. খালেকুজ্জামান

অধ্যাপক, ভূতত্ত্ব বিভাগ, কমনওয়েলথ ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র

mkhalequ@commonwealthu.edu

সম্মেলনের প্রত্যাশিত ফলাফল

এই সম্মেলন থেকে প্রত্যাশিত ফলাফলসমূহ নিম্নরূপ:

  • সম্মেলনে উপস্থাপনের জন্য নির্বাচিত গবেষণা প্রবন্ধসমূহের “অ্যাবস্ট্রাক্ট সংকলন”;
  • সম্মেলনের আলোচনা থেকে বেরিয়ে আসা মূল তথ্য, বিশ্লেষণমূলক উপসংহার এবং সুপারিশের ভিত্তিতে প্রণীত “সম্মেলনের প্রস্তাব”;
  • “সম্মেলনের প্রস্তাবে” অন্তর্ভুক্ত সুপারিশসমূহ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি সুপারিশের সাথে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ও সময়সীমার উল্লেখসহ “বাপা-বেন-বাগের কর্ম-পরিকল্পনা ২০২৭” প্রণয়ন, যেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংসদীয় কমিটি ও গণমাধ্যমের কাছে পৌঁছে দেওয়া হবে;
  • সম্মেলনের আলোচনার ভিত্তিতে অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলোর উপর সংক্ষিপ্ত “বিষয়ভিত্তিক নীতি-পত্র” (Thematic Policy Briefs) প্রণয়ন;
  • সম্মেলনে উপস্থাপিত পূর্ণাঙ্গ প্রবন্ধসমূহের মধ্য থেকে সম্পাদকমণ্ডলী কর্তৃক বাছাইকৃত প্রবন্ধসমূহ নিয়ে “সম্মেলন বিবরণী গ্রন্থ” (Conference Volume) প্রকাশ;
  • কৃষি, নিরাপদ খাদ্য ও পরিবেশ বিষয়ক গবেষক, নীতিনির্ধারক, মাঠপর্যায়ের কর্মী, তৃণমূল আন্দোলন এবং প্রবাসীদের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক প্রতিষ্ঠা; এবং
  • সংবাদ সম্মেলনের আয়োজন, গণমাধ্যমে নিবন্ধ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার করে সম্মেলনের সংবাদ ও বাণী জনগণের নিকট পৌঁছানো।

সম্মেলনের সচিবালয় ও যোগাযোগ

সম্মেলন কমিটি: বাপা, বেন ও বাগ-এর প্রতিনিধিদের সমন্বয়ে একটি ‘আয়োজক কমিটি’ (Convening Committee) এবং একটি ‘বৈজ্ঞানিক কমিটি’ (Scientific Committee)। এছাড়া অন্যান্য বিভিন্ন সুনির্দিষ্ট কর্ম বিষয়ক কমিটি।
যোগাযোগ: আলমগীর কবির, সদস্য সচিব, সম্মেলন আয়োজক কমিটি (ইমেইল: alamgir.bapa@gmail.com | ফোন: ০১৭১২-১২১২২১)
সচিবালয়: বাপা (BAPA) কার্যালয়, রয়্যাল ইউনিক হাইটস, ফ্ল্যাট ১-বি, প্লট ৪/এ, বি, সি, সোবহানবাগ, ঢাকা-১২০৭।
ইমেইল: bapa2000@gmail.com | কার্যালয় সংক্রান্ত যোগাযোগ: খালিদ, প্রোগ্রাম ম্যানেজার, বাপা (মোবাইল: ০১৩২৯৭২৫৮২৫ / ০১৭২৪৪৮২৭২০; টেলিফোন: ৮৮-০২-৫৮১৫২০৪১

সময়সীমা বৃদ্ধি

অ্যাবস্ট্রাক্ট জমাদান

শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬

সর্বোচ্চ ৩৫০ শব্দের অ্যাবস্ট্রাক্ট।

Scroll to Top